ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁওয়ে জমি-জমার বিরোধের জেরে শ্বাসরোধ করে এক যুবককে হত্যার অভিযোগ ওঠেছে ভুক্তভোগীর প্রতিবেশীদের বিরুদ্ধে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিরই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।
নিহত মোজাম্মেল হোসেন (২৫) উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের নদীরপাড় এলাকার আজিম উদ্দিনের ছেলে।
নিহতের যুবকের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী সাত্তার, সোহরাবসহ তাদের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন যাবত তাদের জমি-জমার বিরোধ নিয়ে মামলা চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে রোববার দিবাগত রাতে মোজাম্মেল হোসেনকে নিজ বসতঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।
নিহতের চাচা হালিম উদ্দিন বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহত মোজ্জাম্মেল হোসেনের বাবা আজিম উদ্দিনকে বিরই তালুকদার বাড়ির সংলগ্ন এলাকায় পথ আটকে প্রতিবেশী সাত্তারের অনুসারীরা কুপিয়ে জখম করে। ওই ঘটনায় রোববার পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার জেরে মোজাম্মেল হোসেনকে হত্যা করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।



