নাটোরের বড়াইগ্রাম থেকে চুরির মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জের তাড়াশ এলাকা থেকে তিনটি গরু-মহিষ উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকাল ১১টার দিকে তাড়াশের মাধবপুর এলাকা থেকে চোরাই গবাদিপশুগুলো জব্দ করাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক শুকুর আলীর প্রায় দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং তার প্রতিবেশী বাবর আলী মন্ডলের এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। ভোরে ভুক্তভোগীরা থানায় খবর দিলে পুলিশ অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ তাড়াশের মাধবপুর গ্রামে শরীফের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া গরু-মহিষগুলো জব্দ করাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও তাড়াশ থানা পুলিশের সহায়তায় চোরাই গবাদিপশুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা পশুগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে।



