নড়াইলে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও দোকান ভাঙচুর, আহত ১২

রোববার (১৪ জুন) সকালে এবং গত শনিবার বিকেলে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে বিরোধের জেরে বাড়ির আসবাবপত্র ভাঙচুর
নড়াইলে বিরোধের জেরে বাড়ির আসবাবপত্র ভাঙচুর |নয়া দিগন্ত

নড়াইলের কালিয়ার সাতবাড়িয়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধ এবং গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকালে এবং গত শনিবার বিকেলে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রতিপক্ষের হামলায় হায়দার ও সোহাগসহ সাতজনের বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। রুহুল ফরাজির লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

গত শনিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় সাইফুল ফরাজী গ্রুপের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, প্রতিপক্ষের হামলার ভয়ে সাইফুল ফরাজীর গ্রুপের পুরুষরা বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে অবস্থান নিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে রুহুল ফরাজী ও তার পরিবারের সদস্যরা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরই হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’