কুমিল্লা প্রতিনিধি
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টাউন হল মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।
গণমিছিলের আগে টাউন হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সংগত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশের কুমিল্লা মহানগরর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত বক্তব্য রাখেন।



