ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ সফল করার লক্ষ্যে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ডিমলা উপজেলায় স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
ডিমলা উপজেলা এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব মো. রাশেদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জব্বার খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, দপ্তর সম্পাদক প্রিন্স এবং জাতীয় শ্রমিক শক্তি নীলফামারী জেলা শাখার সদস্য সচিব জাফর হোসেন জাকির। এ সময় দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ২১ জুলাই নীলফামারীতে অনুষ্ঠিতব্য ‘জুলাই পথযাত্রা’ সফল করতে ডিমলা উপজেলা শাখা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।



