মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছেলের, আহত বাবা

বাড়ি যাওয়ার পথে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত কলেজ ছাত্র দেবরাজ বণিক
নিহত কলেজ ছাত্র দেবরাজ বণিক |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত দেবরাজ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিষ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনরা জানায়, দেবরাজ বাবাকে নিয়ে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাছবাহী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ নামে একজনকে মৃত ঘোষণা করি ও তার বাবকে প্রাথমিক চিকিৎসা দিই।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ঘটনার পরপর আমাদের টিম হাসপাতালে গিয়েছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’