চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
আজ রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনমূলে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, মনিরুজ্জামান লিপটন, জেলাকৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, সেলিমুল হাবিব সেলিমসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, জীবননগর উপজেলা ও পৌর, দর্শনা থানা ও পৌর এবং দামুড়হুদা উপজেলা কৃষক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গগত, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীদের ধরাশায়ী করে। এতে করে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা হতাশ হয়।
স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান শরীফুজ্জামান শরীফ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে কিছুটা হলেও নেতাকর্মীরা স্বস্তির প্রত্যাশা করছেন।



