লালমোহনে সহোদর ভাইয়ের দুই বসতঘর পুড়ে ছাই

ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফ জানান, অগ্নিকাণ্ডে তাদের বহু বছরের কষ্টার্জিত সব সহায়-সম্পদ ছাই হয়ে গেছে। তিন বছর আগে ঘর তৈরির সময় নেয়া প্রায় ছয় লাখ টাকা ঋণ এখনো শোধ হয়নি। এ অবস্থায় পরিবার নিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়ায় তিনি সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Bhola
আগুনে পোড়ার পর ঘর দু’টির অবস্থা
আগুনে পোড়ার পর ঘর দু’টির অবস্থা |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে আগুনে সহোদর দুই আব্দুল মুনাফ ও মরহুম আলী হোসেনের দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের শিউলি বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল মুনাফ ও তার ভাই মরহুম আলী হোসেনের জোড়া বসতঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আসবাবপত্রসহ দু’টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে দুই ঘরের ইলেকট্রনিকস সামগ্রী ও নগদ টাকাসহ সব মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফ জানান, অগ্নিকাণ্ডে তাদের বহু বছরের কষ্টার্জিত সব সহায়-সম্পদ ছাই হয়ে গেছে। তিন বছর আগে ঘর তৈরির সময় নেয়া প্রায় ছয় লাখ টাকা ঋণ এখনো শোধ হয়নি। এ অবস্থায় পরিবার নিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়ায় তিনি সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হয়েছে। অতি দ্রুত তাদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় টিন বিতরণের উদ্যোগ নেয়া হবে।