মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

নিহত ইমামুল হোসেন পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Manirampur

যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

নিহতের স্বজনদের দাবি, ইমামুলের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সোমবার রাতে স্মরণপুর গ্রামের একটি দোকানের পেছনে তাকে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, নাতনিকে উত্ত্যক্তের ঘটনার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।