কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে সাউদপাড়ার ছোটন মাস্টারের বাসার সামনে অচেনা তিন-চারজন গতিরোধ করে তার সাথে থাকা নগদ তিন লাখ টাকা ও একটি এন্ড্রয়েড ফোনসহ তিনটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Kendua Upazilla
আহত ও ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী টিপু
আহত ও ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী টিপু |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়ায় আনিসুল হক চৌধুরী টিপু (৪৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) এ ঘটনায় অজ্ঞাত পরিচয় তিন-চারজনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আনিসুল হক।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে পৌর সদরের মধ্য সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দুয়া পৌর সদরের সাউদপাড়া মহল্লায় বসবাসকারী আনিসুল হক চৌধুরী টিপু দীর্ঘদিন ধরে মতির মোড়ে ওষুধের দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে সাউদপাড়ার ছোটন মাস্টারের বাসার সামনে অচেনা তিন-চারজন গতিরোধ করে তার সাথে থাকা নগদ তিন লাখ টাকা ও একটি এন্ড্রয়েড ফোনসহ তিনটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

এ সময় বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় তারা। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।