বর্তমান সমাজ ব্যবস্থায় লুটপাট করা ডাকাতের কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের একটি কমিউনিটি সেন্টারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘এস আলম, সামিট গ্রুপ, নাসা গ্রুপ এ দেশের মানুষের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে আয়েশী জীবনযাপন করছে। আর যারা ব্যাংকে টাকা আমানত রেখেছিল তারা আজ বৃদ্ধ মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য নিজের টাকাও ফেরত পাচ্ছে না।’
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ফলাফলেই সাফল্য সীমাবদ্ধ রাখলে চলবে না; মেধার সাথে সৎ চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের সূচনা করার আহ্বান জানান।
ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি জুবায়ের হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মো: এনামুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মো: রিয়াজুল ইসলাম ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডাক্তার জায়েদ আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, সাবেক আমির এম বি বাকের, আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।



