মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

যারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত, তাদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করতে হবে। একইভাবে অনলাইন ও অফলাইনে জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের অন্যায়কারীরা যত শক্তিশালীই হোক, সবাই ঐক্যবদ্ধ হলে তাদের পরাজিত করা সম্ভব।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় কৃষক, প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় নারী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত, তাদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করতে হবে। একইভাবে অনলাইন ও অফলাইনে জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘কোনো গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ডে যেন মাদক ও জুয়ার আসর বসতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে। ভালো মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অন্যায় দূর করা সম্ভব। কারণ, ভালো মানুষের সাথে খারাপ মানুষের জয় কখনো হতে পারে না।’

মন্ত্রী আরো বলেন, ‘একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে ভালোর জয় সুনিশ্চিত হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।