ময়মনসিংহের মুক্তাগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা পৌরসভা। কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করা হয় এবং হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে নিবন্ধিত স্বেচ্ছাসেবীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে সভায় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ।
তারা বলেন, সঠিক স্থানে বর্জ্য ফেলা, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর নিশ্চিত করা সম্ভব।
পরে দুপুর ১টার দিকে মুক্তাগাছা শহরের আটানীবাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও ইজারাদারদের মাঝে হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র, পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহসহ আটানীবাজার কমিটির কর্মকর্তা, বাজারের ইজারাদার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।



