চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো: হাসেম (৪৫) ও একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো: ইউনুস (৩৫)। তারা দু’জনই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়া হলেও দীর্ঘ সময় পর্যন্ত কোনো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় লোকজনই নিজস্ব উদ্যোগে বিল থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



