নাটোরের সিংড়ায় পানিতে ডুবে নিখোঁজের আট ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে সুরভি খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ছোট চৌগ্রাম এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুরভি খাতুন ছোট চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের দিনমজুর খলিলুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুরভি। এ সময় সে পানিতে ডুবে গেছে সন্দেহে স্থানীয়রা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবুরি দলের সদস্যরা এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে খালের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।



