সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পষ্ট বারেকটিলার উপরে উঠার সময় পর্যটনবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় উত্তর বড়দল ইউনিয়নের বারিকা টিলার সড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বড় ছড়া-টেকেরঘাট থেকে পর্যটকবাহী চাঁদের গাড়িটি ১৫ জন যাত্রী নিয়ে বারেকটিলার ওপরে ওঠার চেষ্টা করে। এ সময় টিলার বেশখানিক ওপরে ওঠার পর রাস্তার বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ১৫ জন পর্যটকই আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা জহির মিয়া জানান, ঘটনাটি প্রাথমিকভাবে অতিরিক্ত গতিতে ও সরু রাস্তার বাঁকে বারেকটিলায় ওঠার পথে নিয়ন্ত্রণ হারানোর কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর সড়কটি এমনিতেও ঝুঁকিপূর্ণ। সড়কটি মেরামত করা খুবই প্রয়োজন। না হলে আরো দূঘটনা ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রাস্তার পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।



