বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় সুজন মোল্লা (৪০) নামে এক সৌদি প্রবাসীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার ছুটুখার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু হানিফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে কাঠের ব্যবসা শুরু করেছিলেন। সুজন নিজেই নছিমনটি চালিয়ে উপজেলার গাজীর ব্রিজ এলাকায় যাচ্ছিলেন। এ সময় ছুটুখার বাজার এলাকায় পৌঁছালে কাঠবোঝাই নছিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



