চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

লাশটি বেশ কিছুদিন ধরে পানিতে ভেসে থাকার কারণে পচন ধরেছে এবং মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। আশপাশের কোনো এলাকা থেকে জোয়ারের টানে লাশটি এখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Char Fasson
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ব্লক পাথরের মাঝে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় জেলেরা নদীর পাড়ে ব্লক পাথরের স্তূপের মাঝে একটি লাশ আটকে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে। লাশটির মুখমন্ডল বিকৃত থাকায় সেটি পুরুষ নাকি নারী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খলিলুর রহমান জানান, লাশটি বেশ কিছুদিন ধরে পানিতে ভেসে থাকার কারণে পচন ধরেছে এবং মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। আশপাশের কোনো এলাকা থেকে জোয়ারের টানে লাশটি এখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ডিএনএ পরীক্ষা অথবা অন্য কোনো আলামতের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।