ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের লাশ উদ্ধার

শুক্রবার সকালে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় ২০-২৫ জন পুনরায় একটি ট্রলার নিয়ে ব্রহ্মপুত্রে নদে তল্লাশি শুরু করেন। নিখোঁজস্থল থেকে নদের স্রোতের গতিপথ ধরে ভাটির দিকে এগিয়ে একপর্যায়ে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা একটি লাশ দেখতে পান তারা।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নিহত কৃষক সাইফুল ইসলাম
নিহত কৃষক সাইফুল ইসলাম |নয়া দিগন্ত

নিখোঁজের তিন দিন পর ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে নিহতের স্বজন ও পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের খুরশিদমহল ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষক সাইফুল ইসলাম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর টানমলামারি গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারে সাইফুল ইসলাম পানিতে নামেন। পরে নৌকার পাটাতন উদ্ধারের চেষ্টা করার সময় নদের তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ওই দিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা নদের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে সন্ধ্যা নেমে এলে সেদিনের মতো অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পুনরায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান ডুবুরিরা। কিন্তু নিখোঁজ কৃষক সাইফুল ইসলামের কোনো সন্ধান না পাওয়ায় উপজেলা প্রশাসন ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে বিকেলে সরকারি উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। তবে সরকারি অভিযান শেষ হলেও উদ্ধার কাজের হাল ছাড়েননি নিহতের স্বজনরা।

শুক্রবার সকালে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় ২০-২৫ জন পুনরায় একটি ট্রলার নিয়ে ব্রহ্মপুত্রে নদে তল্লাশি শুরু করেন। নিখোঁজস্থল থেকে নদের স্রোতের গতিপথ ধরে ভাটির দিকে এগিয়ে একপর্যায়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা একটি লাশ দেখতে পান তারা। সেটি সাইফুল ইসলামের লাশ বলে শনাক্ত করেন তার স্বজনরা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, গত দুই দিন ডুবুরিরা সর্বোচ্চ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি। নদের প্রবল স্রোতের কারণে কৃষকের লাশ অনেক দূরে ভেসে গিয়েছিল।

উল্লেখ্য, কৃষক সাইফুল ইসলামের বাবা ইদ্রিস আলীও এক সময় ব্রহ্মপুত্রে নদে ডুবে মারা গিয়েছিলেন।