মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌ-ভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে বংশাই নদীর চাকলেশ্বর-থলপড়া অতিক্রম করার সময় নদীর উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন নৌকার উপরে থাকা কয়েকজন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ও পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে
মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ও পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে |নয়া দিগন্ত গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১৭ জুলাই) ভোর পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা সঙ্ঘটিত হয়। এর মধ্যে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ-ভ্রমণে আসা দু’জন, বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন ও গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে আরো একজনের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টে নৌ-ভ্রমণে আসা নিহত দু’জন হলেন— ইটভাটার শ্রমিক রংপুরের সাজ্জাত হোসেন ও শেরপুরের পাকুরিয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া। নৌকাযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন সুশান্ত রাজবংশী এবং পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় বৃদ্ধ রুস্তম আলীর।

ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌ-ভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে বংশাই নদীর চাকলেশ্বর-থলপড়া অতিক্রম করার সময় নদীর উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন নৌকার উপরে থাকা কয়েকজন।

এতে এক নারীসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুশান্ত রাজবংশী নামে এক জেলে নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

অপরদিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রুস্তম আলী নামে এক বৃদ্ধ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।