নোয়াখালীর হাতিয়ায় লিজ নেয়া সরকারি গুদামের জমি ভাড়া দিয়ে পেট্রোল পাম্প স্থাপনের অভিযোগ ওঠেছে মো: ইমরান উদ্দিন নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে। খবর পেয়ে অভিযান চালিয়ে পাম্পটি বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সোমবার (৮ জুন) উপজেলার চৌমুহনী বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম এলাকায় তিনি এ অভিযান চালান।
অভিযুক্ত ইমরান উদ্দিন হাতিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। তিনি এনসিপির হাতিয়া পৌর কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারে প্রায় তিন একর জমিতে অবস্থিত বিএডিসির গুদামটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় আছে। বিএডিসি কর্তৃপক্ষ জমিসহ গুদামটি তিন বছর মেয়াদে লিজ দিয়ে থাকে। গতবছর মো: ইমরান উদ্দিন গুদামটি লিজ নেন।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি লিজ নেয়ার পর গুদামের জায়গার প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে বিক্রি করেছেন। এছাড়া গুদামের বিভিন্ন অংশে পড়ে থাকা রড ও লোহা-লক্কড় বিক্রিসহ জমি থেকে বালি ও মাটি কেটে পাওয়ার ট্রলিযোগে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ইমরান লিজ চুক্তির শর্ত অমান্য করে গুদামের খালি জায়গার একটি অংশ মাসিক ১০ হাজার টাকায় স্থানীয় বাবুল নামে এক ব্যক্তির কাছে জ্বালানি তেলের পাম্প স্থাপনের জন্য ভাড়া দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান উদ্দিন বলেন, ‘আমি বৈধভাবে গুদামটি লিজ নিয়েছি। লিজ গ্রহীতা হিসেবে জায়গা ব্যবহার বা ভাড়া দেয়ার অধিকার আমার আছে। গাছ কাটা কিংবা অন্য যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা।’
তিনি বলেন, ‘আমি এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আট নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
লিজ নেয়া সরকারি গুদাম অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া বৈধ কি না জানতে চাইলে নোয়াখালী জেলা বিএডিসির সার-বীজ শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, ‘লিজ গ্রহীতা কোনোভাবেই গুদাম বা এর কোনো অংশ অন্য কারো কাছে ভাড়া দিতে পারেন না। আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, পাম্প স্থাপনের বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি। সম্প্রতি পাম্পটি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এর কার্যক্রম বন্ধ করে দেন। জায়গা সংক্রান্ত বিষয়ে বিএডিসির কর্মকর্তাদের সাথে কথা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।



