১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ ও ফেনীর পথসভাকে সফল করতে সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালের পথসভা ও চট্টগ্রামের লং মার্চকে সফল করতে সোনাগাজী পৌর শহরে উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা ও পৌর শাখার আমির মাওলানা কালিমুল্লাহ জানান, তারা গত এক সপ্তাহ ধরে সাংগঠনিক সকল ইউনিটের সাথে বৈঠক ও দাওয়াতি কার্যক্রমের মধ্যে দিয়ে লং মার্চকে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। সোনাগাজী উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে ফেনীর পথসভায় কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
তারা আরো জানান, এছাড়াও চট্টগ্রামের লং মার্চকে সফল করতে গণমানুষের উপস্থিতি নিশ্চিতে দুই শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে। সড়কে যানজট বেড়ে যাওয়া ও রিজার্ভ বাসের অভাবে অনেকেই যেতে চাইলেও তাদের নিতে পারছেন না তারা। তাদের আশা জাতীয় নেতাদের উপস্থিতিতে ইতিহাসের সেরা উপস্থিতি নিশ্চিত হবে।
উপজেলা জামায়াতের আমির মো: মোস্তফা বলেন, ‘লং মার্চে যে সকল দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলো শুধু জামায়াতে ইসলামীর দাবি নয়। এটা গণমানুষের দাবি। এই দাবিকে সরকার উপেক্ষা করতে পারে না।’



