রংপুরের দুটি উপজেলায় পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, বিলে ডুবে এক স্কুলছাত্রী, ট্রেনে কাটা পড়ে দুই নারী ও ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন।
শুক্রবার (১৭ জুলাই) জেলার পীরগঞ্জ ও পীরগাছা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুপুরে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। সে ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে।
এদিকে বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি এসএম মিজানুর রহমান জানান, বিকেলে ঢাকা-রংপুর ৬ লেনের মহাসড়কের বড়দরগাহ বাজারে রোমান পরিবহন নামের একটি বাসের চাপায় উজ্জ্বল রায় নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান।
নিহত উজ্জ্বল রায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, দুপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখানপুকুর এলাকায় পৃথক স্থানে পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে দুই নারী মারা যান।
তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যজনের নাম রাশেদা বেগম (৫৫)। তিনি উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
অন্যদিকে সকালে পীরগাছা সদর বাজারের ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ী মারা যান। তিনি উপজেলার বটতলা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।



