চট্টগ্রামমুখী লংমার্চকে স্বাগত জানাতে ফেনীতে প্রস্তুত ১১ দলের নেতাকর্মীরা

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনদাবি আদায়ে লংমার্চ ও পথসভাকে ঘিরে জনগণ সোচ্চার হয়ে উঠেছে। লংমার্চে ফেনী থেকে ১৫০টি গাড়িসহ মোট এক হাজার গাড়ি অংশ নেবে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
লংমার্চ উপলক্ষে ফেনীর মহিপালে প্রস্তুত পথসভার মঞ্চ
লংমার্চ উপলক্ষে ফেনীর মহিপালে প্রস্তুত পথসভার মঞ্চ |নয়া দিগন্ত

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানাতে ফেনীর মহিপাল হোছাইনিয়া মাদরাসার সামনে পথসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

শনিবার সকালে রাজধানী থেকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এ কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে ১১ দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মহিপালে আসতে শুরু করেছেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট জামাল উদ্দিন জানান, পথসভার মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ১১ দলীয় নেতাকর্মীরা মহিপালে আসতে শুরু করেছেন। পথসভায় অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছেন তারা। দূর থেকে পথসভা দেখতে মহিপালের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনদাবি আদায়ে লংমার্চ ও পথসভাকে ঘিরে জনগণ সোচ্চার হয়ে উঠেছে। লংমার্চে ফেনী থেকে ১৫০টি গাড়িসহ মোট এক হাজার গাড়ি অংশ নেবে।

লংমার্চ ও পথসভার দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জনগণের ন্যায্য দাবি আদায়, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পথসভার মঞ্চ পরিদর্শন করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি মহাসড়কের জামেয়া হোছাইনিয়া মাদরাসা-সংলগ্ন স্থানে গিয়ে জামায়াত নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় জাতীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সুন্দরভাবে কর্মসূচি শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সজাগ রয়েছে।

শৃঙ্খলা বিভাগের প্রধান ফারুক আহমদ ভূঞা আজাদ জানান, লংমার্চ ও পথসভা সফল করতে প্রশাসনের পাশাপাশি ফেনীর মোহাম্মদ আলী থেকে তাদের নেতাকর্মীরা শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলা বিভাগের জরুরি কাজের জন্য কয়েকটি মোটরসাইকেল ও মাইক্রোবাস রাখা হয়েছে।