ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ : আড়তে বিক্রি হলো যত টাকায়

‘মাঝে মাঝে আমাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী আরো বেশি টাকায় বিক্রির জন্য আজ মাছটি ঢাকা পাঠাবেন।’

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
রাজা ইলিশটি আড়াই কেজি ওজনের
রাজা ইলিশটি আড়াই কেজি ওজনের |নয়া দিগন্ত

সাগরে জেলেদের জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়তে রাজা ইলিশটি নিয়ে আসেন মিরাজ মাঝি নামে এক জেলে।

আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ডাকে দাম ওঠে ১২ হাজার ৯০০ টাকা। লোকমান নামে এক আড়ৎদার মাছটি কিনে নেন। তিনি এটি বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন।

বড় আকৃতির এই ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ।

জেলে মিরাজ মাঝি জানান, ‘সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বুধবার দুপুরে ইলিশটি সাগরের মোহনায় ধরা পড়ে। ইলিশা তালতলি মাছঘাটে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় জমে। পরে নিলামে ১২ হাজার ৯০০ টাকায় লোকমান বেপারী সেটি কিনে নেন।’

আড়ৎদার নাগর হাজারি বলেন, ‘মাঝে মাঝে আমাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী আরো বেশি টাকায় বিক্রির জন্য আজ মাছটি ঢাকা পাঠাবেন।’

ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী বলেন, ‘মাছটি কিনতে পেরে খুশী আমরা। ঘাটে সবাই ডাকে অংশ নিয়েছে তার মধ্যে আমি ১২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি ঢাকাতে মাছটি ভালো দামে বিক্রি করতে পারবো।’

রাজা ইলিশটি কেনার জন্য অংশ নিতে পেরে খুশী জসিম হাজারি। তিনি বলেন, ‘এই ঘাটে এবছরের সবচেয়ে বড় ইলিশ আজকে ঘাটে আসছে। আমরা ঘাটের সব আড়ৎদার মাছটি কেনার জন্য ডাকে অংশ নেই। পরে লোকমান আড়ৎদার মাছটি কিনে নেয়।’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘মৌসুমের শেষ দিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই একটি ভালো দিক। কারণ আমরা বলে থাকি মা ভালো তো, বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’

তিনি আরো বলেন, ‘ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।’