সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদের বসতবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।
এ সময় হামিদের বড় ভাই আবুল কালাম আজাদ (৪৪) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬০৩ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। ঘটনার পর আবুল কালাম আজাদসহ তার ছোট ভাই আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরো সাত থেকে আটজনকে আসামি করে একটি মামলা (নং-৮) দায়ের করা হয়েছে।
জানা গেছে, অভিযানের কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ যুক্তরাজ্যে গেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুরশেদুল আলম ভূইয়া জানান, গত মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের নির্দেশনায় এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার বলেন, অবৈধ মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।



