উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

বিজ্ঞানমেলায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি |নয়া দিগন্ত

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মেলার অংশ হিসেবে পলিথিনের ব্যবহার হ্রাস ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, ভিতরবন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ ও উপজেলা আইসিটি অফিসার এ টি এম মাহমুদ (সুমন)। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলার প্রধান আয়োজক ও পরিচালক ছিলেন ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু।

বিজ্ঞানমেলায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও মেলায় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সৌজন্যমূলক উপহার হিসেবে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।