সিলেটে আরো ৬ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ২০৯

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ডেঙ্গুরোগী শনাক্ত
ডেঙ্গুরোগী শনাক্ত |ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন রয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ হবিগঞ্জে ৯৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৪৭ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ২১ জন ও অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণ জরুরি। একইসাথে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়।