সিলেটে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

নামাজ যদি খুশু-খুজুর সাথে আদায় করা না যায়, তাহলে তা পরিপূর্ণ নামাজ হয় না। তেমনি ব্যবসায় সুদ যুক্ত হলে সেই ব্যবসা হালাল থাকে না। বিশ্বে ৫০ লাখের বেশি ব্যাংক রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম।

সিলেট ব্যুরো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেট হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম বলেছেন, ‘এস আলমের মতো আর কোনো ডাকাত যাতে ভবিষ্যতে আপনাদের ব্যাংক দখল করে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।’

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেট শাখার উদ্যোগে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. রেজাউল ইসলাম বলেন, ‘নামাজ যদি খুশু-খুজুর সাথে আদায় করা না যায়, তাহলে তা পরিপূর্ণ নামাজ হয় না। তেমনি ব্যবসায় সুদ যুক্ত হলে সেই ব্যবসা হালাল থাকে না। বিশ্বে ৫০ লাখের বেশি ব্যাংক রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম।’

তিনি বলেন, ‘জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী ব্যাংককে ধ্বংস করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, আল্লাহর রহমতে দেশী-বিদেশী গ্রাহকদের সহযোগিতায় আমরা তা কাটিয়ে উঠে আবারও দাঁড়িয়েছি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার নানা চেষ্টা করেও ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোনো জঙ্গি সম্পৃক্ততা খুঁজে পায়নি। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র আমাদের কার্যক্রমকে দমিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। জনগণের কল্যাণে ইসলামী ব্যাংক তার আদর্শ থেকে এক পাও পিছপা হবে না।’

সিলেট শাখার প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গবেষক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে এবং ইনভেস্টমেন্ট ইনচার্জ আলাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

তিনি বলেন, ‘আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাফিররা ফুঁৎকার দিতে চায়; কিন্তু আল্লাহ তাঁর নূরকে প্রজ্বলিত রাখবেন। তেমনিভাবে ইসলামী ব্যাংকের পথচলাও কেউ থামিয়ে রাখতে পারবে না। গ্রাহকদের কল্যাণে ব্যাংকটি আগামী দিনে তার আগের অবস্থানে ফিরে আসবে, ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাদ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী এবং দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ।

ব্যাংকের কর্মকর্তা মো. ইউনুস আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মেসার্স হানিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী হানিফ উদ্দিন ও ব্যবসায়ী এটিএম তারেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখা প্রধান ও সমাবেশের সভাপতি মো. নূরুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার (অপারেশন্স) এ এস এম রিয়াদ হাসান। শেষে দেশ ও জাতি এবং ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো. নূরুজ্জামান।