নাটোরের নলডাঙ্গায় মাদরাসার কেরানি নিয়োগকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর দাখিল মাদরাসা প্রাঙ্গণের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাদরাসার কেরানি নিয়োগ নিয়ে মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ (৫০) ও বিপ্লবের (৩০) সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে ওই বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে প্রথম পক্ষের আতাউর রহমান জিন্নাহ, মো: মোরশেদ আলম (৪০) ও খোরশেদ আলী (৩৫) তিনজনই আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান জিন্নাহ ও মোরশেদ আলম নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, দ্বিতীয় পক্ষের বিপ্লব ও খাইরুল সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারাও নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



