মোহনগঞ্জ গৃহবধূ মুন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গৃহবধূ মুন্নী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গৃহবধূ মুন্নী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কয়রাপাড়া গ্রামে গৃহবধূ খাদিজা আক্তার মুন্নী (২০) হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে মোহনগঞ্জের সোনারামপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কয়েক শ’ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বিক্ষোভকারীরা ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনিদের ফাঁসি চাই’, ‘প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন। মানববন্ধনে ‘খুনির ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় শিশুরা।

একটি বড় ব্যানারে লেখা ছিল ‘খাদিজা আক্তার মুন্নী হত্যার বিচার চাই ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন’। ব্যানারে নিহত খাদিজা ও অভিযুক্তদের ছবি সংযুক্ত ছিল।

Netrokona-HumanChain

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, ১০ আগস্ট কয়রাপাড়া গ্রামে খাদিজা আক্তার মুন্নীকে হত্যার পর লাশ ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় নিহতের স্বামীসহ চারজনকে আসামি করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মামলার তদন্ত চলমান। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।