মাদারীপুরে বাসচাপায় শিশু নিহত, প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সাথে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে আয়শাকে চাপা দেয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটে আটকা পড়েছে বাস, ট্রাক
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটে আটকা পড়েছে বাস, ট্রাক |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় আয়শা (২) নামে এক শিশু নিহত হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়শা ওই এলাকার ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।

পুলিশ জানায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সাথে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে আয়শাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। দুইপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা প্রশাসন ও পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাসচাপায় শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’