জৈন্তাপুরে চোরাচালান ও আধিপত্য বিস্তার নিয়ে টানা ২ দিন সংঘর্ষ

আহত ১০

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম দফায় এবং শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তার এবং অবৈধ চোরাচালানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে টানা দুই দিন ধরে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম দফায় এবং শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাতৈল সীমান্ত সড়ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান, মানবপাচার ও বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এসব অবৈধ কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার রাতে সীমান্ত দিয়ে চোরাচালানের পণ্য আসার পথে চাঁদা তোলা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাতেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় ১০ জন আহত হন এবং গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাতে পরিস্থিতি শান্ত হলেও উভয় পক্ষের মধ্যে ক্ষোভ বজায় থাকে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালেই পুনরায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ অভিযোগ করে বলেন, ‘গত কয়েক মাস ধরে এলাকায় মানবপাচার ও চোরাচালান বেড়েছে। এলাকার যুবসমাজ এসবের প্রতিবাদ করে আসছে। মুন্না এ বিষয়ে জোরালো ভূমিকা রাখায় সাবেক ইউপি সদস্য পংকি মিয়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।’

অন্যদিকে সাবেক ইউপি সদস্য পংকি মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, ‘বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ আওয়ামী লীগ নেতা এবং তার বিরুদ্ধে মাদক, অবৈধ চোরাচালান, মানবপাচার ও হুন্ডি কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে ও তার বাহিনী অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারে সহযোগিতা করছে। এলাকাবাসী এর প্রতিবাদ করলে তারা আমাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায়।’

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।