সস্ত্রীক তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যতা সঙ্কট ও সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Location :

Dimla
তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, (ডানে) রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানানো হচ্ছে
তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, (ডানে) রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানানো হচ্ছে |নয়া দিগন্ত

নীলফামারী প্রতিনিধি ও ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডিমলা এলাকার তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন স্ত্রী ডিয়েন ডাও।

উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথম দিন রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা। এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যতা সঙ্কট ও সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার ও শুষ্ক মৌসুমে পানির সঙ্কটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সফরসূচি অনুযায়ী, এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশে রওনা হন রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা।