রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ভাঙনকবলিত ফেরিঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য নুরুননেসা সিদ্দিকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী যাওয়ার পথে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙনকবলিতসহ বেশ কিছু অবহেলিত এলাকা পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমির গোলাম আজম মীর তার বক্তব্যে বলেন, ‘আমাদের গোয়ালন্দ উপজেলার মানুষ ভাঙনকবলিত এলাকার মানুষ। এ উপজেলার রাস্তাগুলো অত্যন্ত ভাঙাচোরা, দীর্ঘদিন সংস্কার করা হয় না। অতিদ্রুত এগুলো মেরামতসহ চরাঞ্চলে কিছু নতুন রাস্তা নির্মাণ করা প্রয়োজন।’
উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের দাবির প্রতি সমর্থন জানিয়ে এমপি নুরুননেসা সিদ্দিকা বলেন, ‘রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা করা হবে। এ ছাড়াও গোয়ালন্দবাসীর উন্নয়নে আপনাদের পাশে আমি আছি এবং থাকব। আগামীতে এই অঞ্চলে যাতে ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ব্যবস্থা করা হবে। আপনারা জামায়াতের সাথে থেকে সার্বিক সহায়তা করবেন।’
এ সময় উজানচর মাখন রায়ের পাড়া, নতুন ব্রিজ ও মাল্লাপট্টি ব্রিজ পরিদর্শনে গেলে উজানচর ইউপি সদস্য নিখিল কুমারসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানান।
গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমির গোলাম আজম মীর, গোয়ালন্দ পৌর শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ইভান, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাছ, দৌলতদিয়া ইউনিয়ন শাখা জামায়াত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ, দেবগ্রাম ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ মো: আব্দুল মালেক, ছোট ভাকলা ইউনিয়ন শাখা জামায়াত সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মো: হানিফ মিয়া, পৌর শাখা শ্রমিক কল্যাণ নেতা শিপন শেখ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



