সিলেটে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাধারণ শিক্ষার্থী অধিকারের ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর অযাচিত মন্তব্য গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সাথে অবিচার।
তারা দাবি করেন, দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীদের নিয়ে করা অযাচিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজট দেখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে জিন্দাবাজার অভিমুখে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘তুমি কে? আমি কে? পোল্ট্রি পোল্ট্রি’, ‘তুমি কে? আমি কে? মুরগি মুরগি’, ‘কে বলছে? কে বলেছে? মন্ত্রী মন্ত্রী’ এবং ‘আমাদের দাবি মেনে নিন, নইলে গদি ছেড়ে দিন’ এ ধরনে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে মঙ্গলবার সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষার্থীদের বিষয়ে দেয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।



