নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সোনারগাও সাংবাদদাতা
চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় হেফাজতে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্র জানায়, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পর এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে নেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেয়া হয়েছে। তিনি পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছায় এসপি কার্যালয়ে আসেন।‘
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে অভিযোগের প্রকৃতি কিংবা মামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।
এ বিষয়ে তারেক আল মেহেদী বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।’
এদিকে সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয়, খাইরুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।’
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখন পর্যন্ত সজীব বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রোববার সন্ধায় জানান, ‘আমি সংসদে আছি এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে প্রশাসন যেকোনো সময়ে যেকোনো লোককে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে।’



