পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুজন (২৮) নামে এক মাদকসেবী যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় সুজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে এ সাজা দেয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


