বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহ্দী ও ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ডা: সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। একই সাথে ক্যারিয়ার গঠনে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার যথাযথ বিকাশ ঘটিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।



