সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলিউর রহমান সাদ্দামের সঙ্গে কথা বলেন এবং তাঁর প্রতি সহমর্মিতা জানান।
এ সময় মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যেকোনো আকস্মিক দুর্ঘটনায় স্বাবলম্বী মানুষও নিঃস্ব হয়ে যেতে পারেন। এমন সময়ে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন ব্যবসায়ী ভাই আজ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবতার আহ্বানে সাড়া দিয়ে আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানাচ্ছি।
তিনি বলেন, ক্ষয়ক্ষতি হয়তো কারও পক্ষেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে সবাই সাধ্যমতো এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাময়িক বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। মার্কেট ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কল্যাণে সরকারসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’-এর স্বত্বাধিকারী অলিউর রহমান সাদ্দামসহ ওয়েস্ট ওয়ার্ল্ড সিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাত ১২টার দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড সিটির তৃতীয় তলায় অবস্থিত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।



