কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। একই সময়ে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে তিন কেজি কথিত ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক স ম ফারুক গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার ইটসলিং সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহির (১৯)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদের ছেলে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন।
র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অন্যদিকে, র্যাবের আরেকটি দল গতকাল শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত মাদককারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর প্রতিটির গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল।
র্যাবের দাবি, প্যাকেটগুলো থেকে মোট ৩ কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।



