ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইকের চাপায় মারিয়া আক্তার (৬) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চিলারকামদিয়া গ্রামের হাফেজ আসাদ মুন্সীর বাড়ির পাশের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার চিলারকামদিয়া গ্রামের শহীদুল ইসলাম শেখের মেয়ে এবং স্থানীয় পুরুরা মাদরাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মারিয়া হঠাৎ সড়কে চলে এলে সালথা থেকে ইউসুফদিয়াগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
ইজিবাইকটি ইউসুফদিয়া গ্রামের ইকরাম (৩৮) নামে এক ব্যক্তি চালাচ্ছিলেন।
সালথা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



