সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো: ফরিদ আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আব্দুল মুমিত।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো: আলী আকবরের কোরআন তেলাওয়াত এবং আয়ুশমনি রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। রাজা জিসি স্কুল অ্যান্ড কলেজের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বড়দের শ্রদ্ধা এবং সমাজসেবায় মন দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির খান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ দাস, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুল বারী, সহকারী শিক্ষক হাসিনা মোনতাজ প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নিয়মিত অধ্যবসায় ও শৃঙ্খলিত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



