তরুণ প্রজন্মের মাঝে সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি উপহার দেয়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে অনুষ্ঠিত হলো মাদক ও সন্ত্রাসবিরোধী পদযাত্রা। স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে দীর্ঘ সাত কিলোমিটারের এই দীর্ঘ র্যালিতে নানা শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাস-স্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘আমরা আগামী তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি উপহার দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী— ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আমরা যদি ‘সবার আগে বাংলাদেশ’ চিন্তা করি, তবে সবার আগে আমাদের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফটিকছড়ির মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককারবারিদের কোনো স্থান হবে না। আজ থেকেই তাদের বিরুদ্ধে আমাদের আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হলো।’
সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য আরো বলেন, ‘সন্ধ্যার পর সন্তানরা কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে— তা পরিবারের অভিভাবকদের কঠোরভাবে তদারকি করতে হবে। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
র্যালিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো: ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ।



