‘আপা’ ডাকায় জরিমানা’র সংবাদ প্রকাশ

অফিস চলাকালীন ইউএনও’র সংবাদ সম্মেলন, সেবাগ্রহীতাদের দুর্ভোগ

সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে ‘আপা’ ডাকার অভিযোগে মিষ্টির শোরুম কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানার সংবাদ দৈনিক নয়া দিগন্তসহ দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর, অফিস চলাকালীন সময়ে দাফতরিক কাজ বন্ধ রেখে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
অফিস চলাকালীন ইউএনও’র সংবাদ সম্মেলন, সেবাগ্রহীতাদের দুর্ভোগ
অফিস চলাকালীন ইউএনও’র সংবাদ সম্মেলন, সেবাগ্রহীতাদের দুর্ভোগ |নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে ‘আপা’ ডাকার অভিযোগে মিষ্টির শোরুম কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানার সংবাদ দৈনিক নয়া দিগন্তসহ দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর, অফিস চলাকালীন সময়ে দাফতরিক কাজ বন্ধ রেখে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন বিভিন্ন ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়।

এ সময় উপজেলা কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন এলাকার লোকজনকে বাইরে অপেক্ষারত দেখা যায় এবং তারা চরম দুর্ভোগ পোহান। কিন্তু উপজেলার বিভিন্ন দফতরের কোনো কর্মকর্তাকে এই সংবাদ সম্মেলনে দেখা যায়নি এবং কর্মকর্তারাও এই সংবাদ সম্মেলনকে ইতিবাচক হিসেবে নেননি বলে জানা গেছে। তাছাড়া সাধারণ ক্রেতা হিসেবে শোরুমে গিয়ে আপা ডাকার কারণে ক্ষিপ্ত হয়ে, সংশ্লিষ্ট ফুড কর্মকর্তা ছাড়াই জরিমানা করার পর বাসি মিষ্টির কথা বলে মূল বিষয় আড়াল করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞমহল।

জানা যায়, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, মিষ্টির শোরুম ‘বনফুল অ্যান্ড কোং’-এর তাজপুর বাজার শাখার কর্মচারী আব্দুল মান্নানকে আপা ডাকার জন্য তিনি ৫০ হাজার টাকা জরিমানা করেননি, বাসি মিষ্টি রাখার অভিযোগে জরিমানা করেছেন। শোরুমে তিনি সাধারণ ক্রেতা হিসেবে গিয়েছিলেন, এ সময় শোরুম কর্মচারী তাকে আপা ডেকেছেন। তবে আব্দুল মান্নান দাবি করেছেন, তাকে জেলের ভয় দেখালে তিনি শোরুম থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে ব্যবস্থাপকের মধ্যস্থতায় ক্ষমা চাইতে গিয়ে আপা ডেকে ক্ষমা চাইলে তাকে জরিমানা করা হয়।

নির্বাচনকালীন সিসিটিভি প্রকল্পে দুর্নীতিসহ তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ নিয়ে একজন সাংবাদিক সংবাদ প্রকাশের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি ভুল বলতেছেন, সাংবাদিকরা নয়, কমন কিছু ব্যক্তি।’

ওসমানীনগরে নির্বাচনী সিসিটিভি প্রকল্পে দুর্নীতি এবং তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমে বক্তব্য দেয়ায় তাকে প্রত্যাহার ও সংবাদ প্রকাশের প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।

দৈনিক নয়া দিগন্তের পক্ষ থেকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে বারবার কল দেয়া হলে তার মোবাইল ব্যস্ত পাওয়া যায়। এরপর তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে ‘আজ দুপুর সাড়ে ১২টায় ওসমানীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আপনি একটি সংবাদ সম্মেলন করেছেন। অফিসের স্বাভাবিক কার্যক্রম চলাকালীন সময়ে আপনাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন প্রসঙ্গে আপনার বক্তব্য কী?’ লিখে এসএমএস পাঠালে, তিনি তা দেখলেও কোনো উত্তর দেননি।

সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সরকারি মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। এরপর এসএমএস দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমানের সরকারি মোবাইলে বারবার কল দিলে তিনি কল কেটে দেন।

প্রসঙ্গত, গত ২৯ মে তাজপুর বাজার বনফুলে মিষ্টি কিনতে যান ইউএনও মুনমুন নাহার আশা। এ সময় তাকে আপা ডাকার অভিযোগে শোরুম কর্মচারী আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। মোটা অঙ্কের টাকা জরিমানা হওয়ায় মান্নানকে চাকরি থেকে বরখাস্ত করে বনফুল কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত গড়ালে আব্দুল মান্নানের চাকরি বহাল হয়, তবে তাকে কারখানায় বদলি করা হয়।

উল্লেখ্য, ইউএনও মুনমুন নাহার আশা ওসমানীনগরে যোগদানের পর তার বিরুদ্ধে নির্বাচনী সিসিটিভি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি ও এর প্রতিবাদ করায় তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদকে সরিয়ে ছুটির দিনে প্রশাসক নিয়োগ, ১ লাখ ১০ হাজার টাকার ক্রয়কৃত সরকারি চাল রাখায় ছাত্রদল নেতা আবিরকে ১ লাখ টাকা জরিমানা, তাজপুর বাজারে বারুনী মেলায় লটারির টিকিট বিক্রির অভিযোগে যুবদল নেতাকে জেল-জরিমানার পর আবার তার নাকের ডগায় অবৈধ লটারির টিকিট বিক্রির সুযোগদান ও সর্বশেষ আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে ইতোমধ্যে তাজপুর বাজার বনফুলের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় জনতা।