সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

​সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পরবর্তী সময়ে রোগব্যাধির প্রকোপ কমাতে এবং দুস্থ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া সরকারি কলেজে দিনব্যাপী এক বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে এই মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

দিনব্যাপী চলমান এই মেডিক্যাল ক্যাম্পেইনে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের মাঝে এক হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

​বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে পাঁচজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দক্ষ মেডিক্যাল টিম। তারা দিনভর রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন।

​সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পরবর্তী সময়ে রোগব্যাধির প্রকোপ কমাতে এবং দুস্থ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের কল্যাণে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য বন্যাদুর্গত এলাকাগুলোতেও এই ধরনের বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।