ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

হরতালের হুঁশিয়ারি

যারা বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারাই আজ একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই বদলির আদেশ সেই অপচেষ্টারই বহিঃপ্রকাশ বলে সিলেটবাসী মনে করে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বৃষ্টি উপেক্ষা করে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেন সিলেটবাসী
বৃষ্টি উপেক্ষা করে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেন সিলেটবাসী |নয়া দিগন্ত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিসির প্রত্যাহার আদেশ অবিলম্বে বাতিল না হলে প্রয়োজনে হরতালসহ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

রোববার (২১ জুন) সন্ধ্যায় সিলেট কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ি আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা, আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেয়া এমন একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।

তারা অভিযোগ করেন, ডিসি সারওয়ার আলম শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রাহ:)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় একটি দুর্নীতিবাজ ও সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বক্তারা বলেন, যারা বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারাই আজ একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই বদলির আদেশ সেই অপচেষ্টারই বহিঃপ্রকাশ বলে সিলেটবাসী মনে করে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরো বৃহৎ আন্দোলন, গণসমাবেশ ও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার বিষয় সামনে আসতে পারে।

বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, সিলেটের স্বার্থে, সিলেটবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে ডিসি সারওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।