১১ দলের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চের অংশ হিসেবে কুমিল্লায় অনুষ্ঠিত পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘৬ দফা দাবি আদায়ে প্রয়োজনে খুব শিগগিরই ঢাকায় আরো বড় কর্মসূচির ডাক দেয়া হবে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৬ দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। এসব দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি ও তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘সকাল ৭টার দিকে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়েছে। পথে পথে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মানুষ গাড়ি থামিয়ে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, হাত মিলিয়েছেন ও নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই। মানুষ কর্মসংস্থান পাচ্ছে না। এসব কারণে সরকারের ওপর মানুষ বিরক্ত।’
গত ছয় মাস বা ১৮০ দিনে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
লংমার্চের ছয় দফা দাবির বিষয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন হয়নি, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হয়নি ও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের সঙ্কটও রয়েছে।’
সরকারের মন্ত্রীদের পরিবার-পরিজন ও স্বজনদের বিরুদ্ধে দুর্নীতি এবং সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এতে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ছে।’
পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।



