ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কমিটি

তৃণমূল বিএনপির নবগঠিত পৌর আহবায়ক মো: ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিলেন। ওই কমিটি বাতিলের দাবিতে তারা সাংগঠনিকভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেন। এরপরও কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
নয়া দিগন্ত

ঈশ্বরদীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি উপজেলা ও পৌর কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু নিজ নিজ অনুসারীদের নিয়ে এসব কমিটি ঘোষণা করেছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের রেলগেট এলাকার জাকারিয়া এন্টারপ্রাইজের কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টু তার অনুসারীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।

এর আগে, রোববার (১৬ আগস্ট) জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার স্বাক্ষরিত দুই সদস্যের আহবায়ক ও সদস্য সচিব আহবায়ক কমিটি বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

জাকারিয়া পিন্টু গ্রুপের নবগঠিত ঈশ্বরদী উপজেলা কমিটির আহবায়ক করা হয়েছে পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (ঠাকুর জাহাঙ্গীর) এবং সদস্য সচিব করা হয়েছে সাহাবুদ্দিন সেন্টু সরদারকে। পৌর কমিটির আহবায়ক করা হয়েছে ইসলাম হোসেন জুয়েলকে এবং সদস্য সচিব করা হয়েছে ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিকে।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের উপজেলা কমিটির আহবায়ক করা হয়েছে সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক সন্টু সরদারকে। সদস্য সচিব করা হয়েছে সদ্য কারামুক্ত নেতা শরিফুল ইসলাম তুহিনকে।

ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশকে। সদস্য সচিব করা হয়েছে সাবেক ছাত্রনেতা ইমরুল কায়েস সুমনকে।

তৃণমূল বিএনপির নবগঠিত পৌর আহবায়ক মো: ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিলেন। ওই কমিটি বাতিলের দাবিতে তারা সাংগঠনিকভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেন। এরপরও কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব মো: সাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, রাতের বেলায় মাত্র চারজনকে নিয়ে কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ সময় পর গোপনে মাত্র চারজনকে নিয়ে দুটি কমিটি ঘোষণা করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জাকারিয়া পিন্টু জানান, আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

তবে পাল্টা কমিটি ঘোষণার বিষয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কমিটিকে অবৈধ ঘোষণা করার এখতিয়ার নেই। তাদের নিজেদের কমিটি গঠন বা ঘোষণা করারও সাংগঠনিক অধিকার নেই।

তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তার ঘোষিত কমিটি অনুমোদিত হয়েছে।