রুমিন ফারহানার বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, আশুগঞ্জে ঝাড়ু মিছিল

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Ashuganj

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।

সমাবেশে শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবারের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। তিনি বলেন, রুমিন ফারহানা ‘আওয়ামী লীগের প্রোডাক্ট’ এবং তার বক্তব্যের মাধ্যমে ‘ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ’ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সরকারের ছয় মাস না যেতেই গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের অজুহাতে সংসদে ‘অসংসদীয় ভাষায়’ বক্তব্য দেয়া হয়েছে। তিনি রুমিন ফারহানার বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।

সংসদে দেয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সঙ্কট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সঙ্কট হবে না, গরিব কৃষকের সার লুট করবেন না, সেটাও হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।’